একটা প্রবাদ আছে – উদ্যমী পুরুষকেই ভাগ্যদেবী বরণ করেন। বিজ্ঞানের বিভিন্ন আবিস্কারগুলোর পেছনে থাকে উদ্যম ও দীর্ঘদিনের প্রচেষ্টা। কিন্তু তার পরেও থেকে যায় একটা আকস্মিক ঘটনা (Chance Factor)।
চার্লস গুডইয়ার। আমেরিকান এই বিজ্ঞানী বছরের পর বছর ধরে চেষ্টা করছিলেন কচাও গাছের রসকে ব্যবহার উপযোগী করে তুলতে। রবার গরমে গলে গিয়ে চটচটে হয়ে যায় আর ঠান্ডায় জমে ভঙ্গুর হয়ে যায়। অথচ এটি জল নিরোধক ও হালকা। এছাড়াও এর অনেক গুণ। তিনি তাই কাঁচা রাবারকে কঠিন নমনীয় উষ্ণতাসহিঞ্চু এক বস্তুতে পরিণত করতে চাইছিলেন। গবেষণায় ব্যায় করতে করতে তিনি নিঃস্ব হয়ে গেলেন। পাওনাদাররা তাকে জেলে পাঠাল। জেলে বসে তিনি নিজেকে দেউলিয়া ঘোষণা করে মুক্তি পেলেন। কিন্তু গবেষণার ভূত মাথা থেকে গেলনা। তাই যেখানে যা ছিল বিক্রি করে আবার শুরু করলেন গবেষণা। দুই বছর কেটে গেল। কোন সাড়া নেই গবেষণায়।