
সুন্দরবনের কোল ঘেঁষে ভদ্রা নদীর পাড়ে হারিয়ে যাওয়া জমি উদ্ধারের সংগ্রামে দোদুল্যমান একটি গ্রামের গল্প নিয়ে তৈরি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য ছবি ‘শুনতে কি পাও’। দুই বছর সময় নিয়ে চিত্রায়িত ছবিটির রচনা, পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন কামার আহমাদ সাইমন এবং প্রযোজনা করেছেন সারা আফরীন। এর আগে ‘শুনতে কি পাও’ ছবিটি প্রতিযোগিতামূলক তিনটি ইউরোপীয় অনুদান পুরস্কার পায় এবং এশিয়ান ফোরাম ফর ডকুমেন্টারিতে সেরা ভাবনার স্বীকৃতি পায়। এ ছাড়া ২০১২ সালের বার্লিন চলচ্চিত্র উৎসবের বিশেষ আসর ‘বার্লিন ট্যালেন্ট ক্যাম্পাস’-এর সম্পাদনা ল্যাবে সীমিত সারা বিশ্ব থেকে আমন্ত্রিত মাত্র ৯টি ছবির মধ্যে এটি আমন্ত্রণ পায়।