
উল্লেখ্য, গাজী পার্ক হচ্ছে ইস্তাম্বুলের সর্বশেষ সবুজ প্রকৃতির অবশেষ। সরকার সেখানে বিংশ শতাব্দীর অটোম্যান ব্যারাকের একটি রেপ্লিকা নির্মাণের উদ্যোগ নিয়েছে। বলা হয়েছে, সেখানে একটি শপিং মল নির্মাণ করা হবে। এর ফলেই প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান ক্ষমতায় আসার পর এত শক্তিশালী আন্দোলনের মুখে পড়েননি এর আগে।
আন্দোলন দমনে নিরাপত্তা রক্ষাকারীরা কাঁদানে গ্যাস ছোড়ে। মরিচের গুঁড়া ছোড়ে। জবাবে আন্দোলনকারীরা তাদের দিকে বোতল ছুড়ে, রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, বুলডোজার যাওয়ার পথ বন্ধ করে এবং রাজপথে আবর্জনায় আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার ওপর অতিরিক্ত শক্তি ব্যবহারের কারণে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার বিষয়ক গ্রুপ পুলিশের সমালোচনা করেছে। রোববার রাতে আঙ্কারায় সিএনএন-এর এক সংবাদকর্মী দেখতে পান কিভাবে একজন বিক্ষোভকারীর সঙ্গে অশোভন আচরণ করা হচ্ছে। এক পুলিশ অফিসার লাথি মারছিল সিএনএন’র এক ভিডিওগ্রাফারকে।
এসব ঘটনায় কেইএসকে নামের শ্রমিক সংগঠন এ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দু’দিনের ধর্মঘট আহ্বান করেছে। তারা দাবি করেছে, তাদের ২ লাখ ৪০ হাজার সদস্য সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেবে। কেউ কেউ তাকসিম স্কয়ারকে কায়রোর তাহরির স্কয়ার অথবা লন্ডনের তাফালগার স্কয়ারের সঙ্গে তুলনা করছেন।