Home 1stpage সাবেক আওয়ামী সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আওরঙ্গ...

সাবেক আওয়ামী সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আওরঙ্গ নিহত

88
0

দেশের খবর: সাবেক সাংসদ হেমায়েত উল্লাহ আওরঙ্গসহ পাঁচজন ঢাকা-মাওয়া সড়কের মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খানবাড়ি স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আওরঙ্গ শরীয়তপুর-১ আসনের (ডামুড্যা) আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ ও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

আজ শনিবার বেলা সাড়ে তিনটার সময় একটি বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় যুবদল আয়োজিত একটি ইফতার মাহফিলে অংশ নিতে আওরঙ্গ ঢাকা থেকে শরীয়তপুরে যাচ্ছিলেন।

নিহত অন্য ব্যক্তিরা হলেন—মুন্সি জামাল উদ্দিন, ইয়াসিন, রতন তালুকদার ও নূরউদ্দিন। তাঁরা সবাই বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে। শ্রীনগর থানায় নিহত লোকজনের মৃতদেহ রাখা হলে স্বজনেরা এসে তাঁদের শনাক্ত করেন।

এ ছাড়া এ দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এর মধ্যে নূরুজ্জামান ও জালালের অবস্থা গুরুতর। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়ে  জানান, বেলা সাড়ে তিনটার দিকে হেমায়েত উল্লাহ আওরঙ্গর গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাঙচিল পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আওরঙ্গের মৃত্যুতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।

এর আগে গত ২৭ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর (৫৫) নিহত হন। ছয় দিনের ব্যবধানে দুজন জনপ্রতিনিধি নিহত হলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here